বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিন
expand
জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহসিন অভিযোগ করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জানানো হলেও এর কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি।

মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা জামায়াতে ইসলামীর ভোটার ও এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এজেন্ট না হতে এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

মোহাম্মদ মহসিন অভিযোগ করেন, মাথাল প্রতীকের প্রার্থীর কর্মীরা বিভিন্ন এলাকায় তাদের এজেন্টদের বাধা দিচ্ছে। আজ ভুরভুড়িয়া গ্রামের এক এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে গেলে বাড়িছাড়া করা হবে। এ পর্যন্ত ৩৩টি ভোটকেন্দ্র থেকে এ ধরনের হুমকির তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকটি কেন্দ্রে বলা হয়েছে ভোটকেন্দ্রের ভোট আগেই কেটে ফেলা হবে, ভোটারদের কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। কোথাও কোথাও রাতে ব্যালট পেপার কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মহসিন বলেন, আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, তার একটিরও দৃশ্যমান রেজাল্ট এখনো পাইনি। দৃশ্যমান ব্যবস্থা না থাকায় আমরা মনে করছি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।

তিনি তার প্রতিদ্বন্দ্বী মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ভোটার তালিকার সঙ্গে ছবি ও প্রতীক সংযুক্ত করে পেপার ছাপিয়ে বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন।

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে যেন তার ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এমন দৃশ্যমান তৎপরতা প্রত্যাশা করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, মাথাল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রশাসনের পক্ষ থেকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup