রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের নীতিনির্ধারণী ফোরাম। সংবিধান ও প্রচলিত আইন মেনে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদে তার নিজের নাম নিয়ে চলা আলোচনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ ধরনের বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে এবং রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার দাবি, বিএনপি দায়িত্ব নেওয়ার পর দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছে, তবে বিভিন্ন বাধার কারণে সেই অগ্রযাত্রা প্রত্যাশিত গতিতে এগোয়নি।

তিনি বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে দেশের তরুণদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, যুবসমাজের মেধা ও কর্মক্ষমতা দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম শক্তি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বগুড়ার স্থানীয় সংসদ সদস্য, পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তা এবং গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্রামীণ উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নীতি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন