সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি সিরাজের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বগুড়ার শেরপুরে আট দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপ্তি হয়েছে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় পৌর শহরের গোসাইপাড়া মহল্লায় আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

উদ্বোধনের পর ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে ভক্তরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শেরপুর পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু ভক্ত শোভাযাত্রায় অংশ নেন। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মন্দিরসংলগ্ন এলাকা এবং শেরপুর সরকারি ডি.জে. মডেল হাইস্কুল মাঠে বসা মেলায়ও ছিল দর্শনার্থীদের ভিড়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠনে কাজ করছেন। শেরপুরও এর ব্যতিক্রম নয়। জন্মগতভাবে মানুষের ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে এবং সমাজের সব ধরনের অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ময়নুদ্দিন, শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ময়নুদ্দিন বলেন, রথযাত্রা, উল্টো রথযাত্রা ও মেলাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া মহল্লায় শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আট দিনব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন