

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার সার্বিক নিরাপত্তা ও মাদক দমনে কঠোর অবস্থানে রয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ড।
গত বুধবার (২১ জানুয়ারি) জেলার সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বুধবার বোরহানউদ্দিন পৌর বাজার সংলগ্ন ব্রিজ পাড় এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জসিম বেপারী (৫৫)-কে আটক করা হয়।
প্রথমে তাকে তল্লাশি করে এবং পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস আটক জসিমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিমের বিরুদ্ধে টেকনাফ থানায়ও একাধিক মাদক মামলা রয়েছে। সদরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার একই রাতে ভোলা সদর থানাধীন দরগার রোড ওয়েস্টার্ন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এই অভিযানে ১ কেজি গাঁজা ও ১৩৬ পিস ইয়াবাসহ মো: নাগর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক নাগর সদর উপজেলার চরনোয়াবাধ এলাকার রুহুল আমিনের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানান, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমুদ্র ও উপকূলীয় এলাকার ১৬টি সংসদীয় আসনে নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য ২৫টি কন্টিনজেন্টে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক পাচার রোধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এই যৌথ তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মন্তব্য করুন
