

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর বাইরে থাকা অবস্থায় দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। কিন্তু তার সততা ও মেধা দিয়ে দেশের কথা ভেবেছেন। ১৭ বছর ধরে তিনি দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন। আজ যে বৃক্ষরোপণ কর্মসূচি দেখছেন, চার বছর আগেই তিনি লন্ডনে বসে বলেছিলেন, ‘আমি পুরো বাংলাদেশকে সবুজে ভরিয়ে দেব’।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় রাজার বের খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, কথা কম, কাজ বেশি-এটিই আমাদের মূল লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে শুধু খাল পরিষ্কার করলেই হবে না, হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির চারপাশও পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নিজেও খুব কম কথা বলেন, কিন্তু কাজ করেন সবচেয়ে বেশি। তিনি ভোর থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যান। এমন কঠোর পরিশ্রম কে করতেন? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তার সঙ্গে সকালে উঠেই দূরদূরান্তে ছুটে যেতাম, আবার রাতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত অফিসের কাজ সম্পন্ন করতাম।
বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নিজেও প্রতিবছর অন্তত ২৫ থেকে ৫০টি গাছ লাগাই। আপনারাও গাছ লাগাবেন। আজকের এই কর্মসূচির এখানেই শেষ নয়, এটি মাত্র শুরু। সারা বাংলাদেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ততদিন থামবে না, যতদিন না আমরা পুরো দেশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করতে পারছি। আসুন, কথা না বাড়িয়ে সবাই কাজে নেমে পড়ি। কাজের মাধ্যমেই আজকের এই কর্মসূচির সার্থকতা নিশ্চিত করি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বলেন, এই দেশটা আমাদেরকেই গড়ে তুলতে হবে। আমাদের দেশে কয়েক লাখ গার্ল গাইডস, স্কাউট এবং বিএনসিসি সদস্য রয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে বলব- তাদেরসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যান।
জয়নুল আবেদীন বলেন, শুধু এই খাল পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। হাট-বাজার, রাস্তাঘাট এবং যার যার বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বহির্বিশ্বের দেশগুলো যদি নিজেদের পরিষ্কার রাখতে পারে, তাহলে আমরা কেন আমাদের প্রিয় দেশটাকে পরিচ্ছন্ন রাখতে পারব না? নিশ্চয়ই পারব।
তিনি বলেন, আপনারা একটু আগেই শপথ নিয়েছেন। কেবল শপথ নিলেই হবে না, সেই শপথকে বাস্তবে কাজে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা একযোগে বাস্তবায়িত হচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যুক্ত ছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই বাবুগঞ্জে এ কার্যক্রম শুরু হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, আমি মনে করেছি, কেবল ঢাকায় বসে না থেকে নিজের এলাকার মানুষের মাঝে উপস্থিত হওয়া প্রয়োজন-যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকায় সবাইকে সঙ্গে নিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে পারি, তবেই একটি সুন্দর ও সুস্থ দেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান,সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।



