

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নদী-খালঘেরা বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবার বরিশাল সফরে এসে এখানকার প্রকৃতি, মানুষের আতিথেয়তা ও জীবনযাত্রা তাঁর ভ্রমণ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে বলে জানান তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে নগরীর কীর্তনখোলা নদীতে নোঙর করা এমভি এম খান-৭ লঞ্চে বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বরিশাল সফরের অভিজ্ঞতা তুলে ধরে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বরিশাল খুব সুন্দর জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।
তিনি বলেন, বরিশাল শহর তাঁর কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। এটি তাঁর প্রথম বরিশাল সফর। নৌকায় ভ্রমণ তাঁর খুব পছন্দের উল্লেখ করে তিনি জানান, ঢাকার বাইরে এসে ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারও ঘুরে দেখেছেন। সেখানে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির এক ভিন্ন রূপ দেখার সুযোগ হয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র।
বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফরকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, তাঁর এই সফরে আমরা আনন্দিত। বরিশালের প্রকৃতি, মানুষের জীবন ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণাঞ্চলের একটি সুন্দর সংযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত বরিশাল জেলার ঐতিহাসিক কড়াপুর মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করেন। প্রাচীন এই স্থাপনার স্থাপত্যশৈলী, নকশা ও নির্মাণশৈলী ঘুরে দেখেন তিনি। ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধতা প্রকাশ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।