বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে ৩৮ হাজার ছাত্র হয়ে গেলেন ‘ছাত্রী’

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষা শুরুর প্রাক্কালে বরিশাল শিক্ষা বোর্ড-এ বড় ধরনের প্রশাসনিক ত্রুটি ধরা পড়েছে। বোর্ডের আওতাধীন প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গের স্থানে ভুলক্রমে ‘ফিমেল’ বা ‘ছাত্রী’ উল্লেখ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশোধনের জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজ ও বোর্ড কার্যালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।

নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে প্রিন্ট করা কার্ড বিতরণ করা হয়। এ বছরের এইচএসসি পরীক্ষা সম্ভাব্যভাবে জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস সংক্রান্ত ত্রুটি এবং দায়িত্বপ্রাপ্ত অপারেটরের অসাবধানতার কারণে এ ভুল হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, “পরীক্ষার আগে ভুলটি ধরা পড়ায় দ্রুত সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত ফি ছাড়াই তথ্য সংশোধন করতে পারছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলেই বিষয়টি সমাধান করা হচ্ছে।”

প্রথমে ঝালকাঠিসহ দুটি জেলায় রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময় এ অসঙ্গতি নজরে আসে। পরবর্তী যাচাই-বাছাইয়ে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ছেলে শিক্ষার্থীর লিঙ্গ ‘মহিলা’ হিসেবে প্রদর্শিত হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এটি বড় ধরনের জটিলতা নয়; ধাপে ধাপে সংশোধন কার্যক্রম চলছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন