

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই যেন বিশাল পুকুরে পরিণত হয়েছে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ। এতে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের খেলাধুলাসহ প্রাত্যহিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
সরেজমিনে (৭ জুন) রবিবার দুপুরে দেখা যায়, বৃষ্টির পানিতে স্কুল প্রাঙ্গণ ও বিশাল খেলার মাঠটি পুরোপুরি তলিয়ে গেছে। মাঠের এক প্রান্তে থাকা শহীদ মিনারটিও জলমগ্ন অবস্থায় রয়েছে। দূর থেকে দেখলে এটিকে কোনো স্কুলের মাঠ নয়, বরং একটি বড় জলাশয় বা পুকুর বলে ভ্রম হতে পারে। বৃষ্টির পানি দীর্ঘক্ষণ জমে থাকায় স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিদ্যালয়টিতে পরিকল্পিত ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুম এলেই শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। পানিবন্দি মাঠের কারণে টিফিন পিরিয়ড বা ছুটির পরে শিক্ষার্থীদের খেলাধুলার আনন্দ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চার দেওয়ালের শ্রেণিকক্ষেই বন্দি থাকতে হচ্ছে তাদের।
শুধু খেলাধুলাই নয়, কাদা-পানি পেরিয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়াসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে হচ্ছে তাদের। এছাড়া, পিচ্ছিল কাদায় পা পিছলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করে জানায়, বৃষ্টির দিনগুলোতে আমরা মাঠে নামতেই পারি না। স্কুল চলাকালীন সময়ে বন্দি জীবন কাটাতে হয়। মাঠে পানি জমে থাকায় আমাদের অনেক কষ্ট হয়।
শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, স্থানীয় খেলোয়াড়রাও মাঠের এই বেহাল দশা নিয়ে চরম হতাশ। স্থানীয় ফুটবল খেলোয়াড় মোঃ রাকিব আক্ষেপ প্রকাশ করে বলেন, এই মাঠটি তালতলীর সবথেকে সুন্দর মাঠগুলোর মধ্যে একটি ছিল। অথচ এখন বৃষ্টির কারণে এটি কাদাপানিতে রূপান্তরিত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই মাঠে জমে থাকা পানি পচে চরম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে এবং এখানে আমাদের খেলাধুলা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
মাঠের এই দুরবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরাও। শিক্ষক মোঃ জিয়াউল রুবেল বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মাঠের এই বেহাল দশা দূর করতে আমি সংশ্লিষ্ট সকলকে দ্রুত এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার বলেন, মাঠটি নিচু হওয়ায় এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ও খেলাধুলায় চরম ব্যাঘাত ঘটছে। বিষয়টি সমাধানে আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। মাঠটিতে মাটি ভরাট এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করছি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় খুব দ্রুতই এর একটি স্থায়ী সমাধান হবে।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি আমার নজরে এসেছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য মাঠটিতে মাটি ভরাট এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।