

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনা সদর উপজেলার কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটনের বিরুদ্ধে প্রধান শিক্ষকদের সরকারি দায়িত্ব পালনে বাধাদান, হুমকি, কটূক্তি এবং শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে স্থানীয় ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, গত ১ ডিসেম্বর বরগুনা সদর উপজেলা শিক্ষক সমিতির একটি সভায় কয়েকজন সহকারী শিক্ষকের উপস্থিতিতে চলমান তিন দফা দাবি ভিত্তিক কর্মবিরতি নিয়ে বক্তব্য দেন লিটন।
সেই বক্তব্যে তিনি একাধিক প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সভায় লিটন প্রধান শিক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমাদের ১০ম গ্রেড দিলে তোরা তো আরও উপরে যাবি, তোদের কোনো ক্ষতি নাই।
এরপরও যদি ওরা দায়িত্ব পালন করে, তবে তাদের বিরুদ্ধে ‘থুথু দিবস’ পালন করা হবে। তার এমন মন্তব্য শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে।
প্রধান শিক্ষকরা বলেন, তারা সরকার ঘোষিত বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নসহ নিয়মিত দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। কিন্তু একজন সহকারী শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ, উসকানিমূলক এবং দায়িত্বহীন বক্তব্যে শিক্ষক সমাজে হতাশা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে।
বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরস্পরের পরিপূরক। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসলেও এমন আচরণ প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
ঘটনার পর ক্ষুব্ধ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একটি অংশ জেলা প্রশাসক বরগুনার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারীরা এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
