

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য হ্রাস, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের বাগেরহাট জেলা শাখা।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, এনসিপির বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল), বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বাগেরহাট জেলা আমির মুফতি আহমাদুল্লাহ আশরাফসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, দেশে চলমান গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে ১১ দলীয় ঐক্য পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে, গ্যাস সংকট দ্রুত নিরসন করে শিল্প, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সারাদেশে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে সহনীয় মূল্য নির্ধারণ, ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ করে প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি জোরদার করে সিন্ডিকেট, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে জনদুর্ভোগ কমবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, অবিলম্বে গ্যাস সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। অতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন।