

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ দ্রুত কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখা
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাগেরহাট সরকারি পি.সি. কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো, আমিনুল ইসলাম বলেন, দুই বছর আগে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় ও জুলাই সনদ এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান জানানো হয়নি। সংসদের পাঁচ মাস অতিক্রম হলেও গণভোট কিংবা জুলাই সনদ বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে প্রয়োজনে আবারও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দুই বছর পার হলেও এ ঘটনার বিচার না হওয়া অত্যন্ত হতাশাজনক। একই সঙ্গে তিনি সাম্প্রতিক কিছু উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করে ছাত্রশিবির সম্পর্কে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ছাত্রসমাজের আত্মত্যাগ ও জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ সোহেল রানা, সাবেক জেলা সভাপতি মাহফুজুল্লাহ মিরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।