বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হৃদযন্ত্রে ছিদ্র, শিশু আবদুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম
মায়ের সঙ্গে পড়ছেন ৮ বছর বছরের শিশু মো. আবদুর রহমান
expand
মায়ের সঙ্গে পড়ছেন ৮ বছর বছরের শিশু মো. আবদুর রহমান

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের ৮ বছর বয়সী মো. আবদুর রহমান গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। জন্মের পর থেকেই অসুস্থতায় ভুগলেও সম্প্রতি চিকিৎসকের পরীক্ষায় তার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে। দ্রুত উন্নত চিকিৎসা ও অপারেশন না হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আবদুর রহমানের বাবা হোসেন শেখ একজন দরিদ্র ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন এবং আত্মীয়-স্বজনের কাছ থেকেও ধারদেনা করেছেন। কিন্তু বর্তমানে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া জরুরি হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, অপারেশন ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

স্থানীয়রা জানান, শিশুটির চিকিৎসার জন্য তারা ইতোমধ্যে সাধ্যমতো সহায়তা করেছেন। কিন্তু বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারের সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা খুব কষ্টে আছে। সারাদিন তাকে এভাবে অসুস্থ দেখে বুকটা ফেটে যায়। আমাদের যা ছিল সবই তার চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন আর কোনো উপায় নেই। সবার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমার ছেলেটাকে বাঁচাতে এগিয়ে আসুন।

অসুস্থ আবদুর রহমান জানায়, আমি খুব অসুস্থ। আমার বুকটা অনেক ব্যথা করে। আমি ভালো হয়ে আবার খেলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

অসুস্থ আব্দুর রহমানের বাবা হোসেন শেখ বলেন, ছেলের চিকিৎসা করাতে করাতে যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাই। এত টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। মানবিক সহায়তা পেলে আমার ছেলেটার চিকিৎসা করাতে পারব।

সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ও দানশীল সংগঠনগুলোর প্রতি শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। সহায়তা পাঠাতে বা যোগাযোগ করতে ফোন- ০১৭৯৫০৪১৯৩৪

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন