

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ব ঐতিহ্যের নিদর্শন ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য মসজিদ প্রাঙ্গণজুড়ে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।
প্রতিবারের মতো এবারও বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের অধিক উপস্থিতির কথা বিবেচনায় রেখে তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব।
দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করবেন মো. নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট।
ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো এলাকা, যা রাতের বেলায় সৃষ্টি করছে নান্দনিক পরিবেশ।
বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, জেলার প্রধান ঈদের জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় এবারও তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। তিন জামাতে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে আরও পাঁচ শতাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
মন্তব্য করুন