শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লীগমুক্ত পুলিশ বাহিনীর আল্টিমেটাম সাদিক কায়েমের 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

হাদি হত্যার বিচার ও লীগমুক্ত পুলিশ বাহিনীর আল্টিমেটাম এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভেতরে থাকা রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। এবার নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য দাড়িপাল্লায় ভোট দিতে চাই।

গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানেই আজাদী এবং না দেওয়ার মানে হল গোলামী । শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মাজার মোড় থেকে শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ছাত্র নেতা বিল্লাল হোসেন অপু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X