বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, সাড়ে ৫ কোটি টাকার পলিথিন-কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভোলার সদর ও লালমোহন উপজেলায় পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১০ লক্ষ ৮৫ হাজার টাকা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে 'কোস্ট গার্ড বেইস ভোলা' সদর থানাধীন খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে ড্রাইভার ও হেল্পারের কাছ থেকে মুচলেকা রেখে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, আজ ৮ জুলাই ২০২৬ (বুধবার) রাত ৩টার দিকে 'কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন' পৃথক আরেকটি অভিযান চালায়। লালমোহন থানাধীন বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩টি সন্দেহভাজন গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আনুমানিক ৫ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লক্ষ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের পরিবেশ রক্ষা এবং মৎস্যসম্পদ সচল ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup