

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈম হাসান (২৩) এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিক (২১) গুরুতর আহত হন। তাদের প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া গুলিবিদ্ধ অপর চারজন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন কিশোর-তরুণকে প্রকাশ্যে ধূমপান করতে দেখে ছাত্রদল নেতা নাঈম হাসান ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার রাতে একদল যুবক নোয়াগাঁও চৌরাস্তায় এসে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান অভিযোগ করেন, ধূমপানে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
