

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে সেতুগুলো উদ্বোধন করেন। পরে তিনি সংশ্লিষ্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মাণ করা হয়েছে।
নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড়-মধ্যপাড়া খালের ওপর একটি এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে তৃতীয় সেতুটি।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। নতুন সেতুগুলো চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর হবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।