

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত শোডাউনে যোগ দিতে যাওয়ার পথে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় সুজন নামে আরও একজন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জেরে আগামী ১৫ জুনের আর্জেন্টিনা সমর্থকদের পূর্বনির্ধারিত র্যালিও স্থগিত করা হয়েছে।
নিহত বাবুল ইসলাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দেরপোল বাজারের পশ্চিম পাশের চানগাজী বাড়ির মাকসুদ মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় সুজন নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে বোরহানউদ্দিন পৌর ভবন থেকে ব্রাজিল সমর্থকদের একটি র্যালি কুঞ্জেরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই সময়ে বাবুল ইসলাম মোটরসাইকেলে করে ওই শোডাউনে যোগ দিতে বোরহানউদ্দিনের দিকে রওনা হন। পথিমধ্যে টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন দৌলতখান সড়কের সেজওয়াল বাড়ির মোড়ে পৌঁছালে রাস্তা পারাপাররত এক বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঢালাই করা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ব্রাজিল সমর্থক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি তাদের বহরের কোনো গাড়ির সঙ্গে ঘটেনি। বহরটি ঘটনাস্থল অতিক্রম করার সময় দুর্ঘটনাটি দেখতে পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে সাথে থাকা অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তি ব্রাজিলের জার্সি পরিহিত থাকায় অনেকেই তাকে বহরের সদস্য মনে করলেও মূলত তিনি মূল বহরের সদস্য ছিলেন না, তবে শোডাউনে অংশ নিতে আসার পথেই এই দুর্ঘটনা ঘটে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বোরহানউদ্দিনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা সমর্থকদের পূর্বনির্ধারিত র্যালিও স্থগিত করেছেন আয়োজকরা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শনে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।