সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল জামায়াত নেতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
শাফায়াত উল্লাহর (৩৭)
expand
শাফায়াত উল্লাহর (৩৭)

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

মৃতের ভাইয়ের স্ত্রী জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। রাত প্রায় ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়ভাবে ক্বারী শাফায়াত উল্লাহ ছিলেন সুপরিচিত একজন ব্যক্তি। তার একটি কসমেটিকসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্তে ওয়াজ মাহফিলে অংশ নিতেন এবং ইসলামি দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন।

বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেন বলেন, সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি অর্থাৎ জামায়াত নেতা ছিলেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি অপারেশন) মকলেসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে।

এদিকে, সাফায়াত উল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী এবং স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন