সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সিরাজগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১:৪০ এএম
বাসস্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীদের ভিড়
expand
বাসস্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীদের ভিড়

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও চিরচেনা কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের আনন্দ ও ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা অভিমুখে ছুটছেন কর্মজীবীরা।

সোমবার (০১ জুন) ভোর থেকেই সিরাজগঞ্জের অন্যতম প্রধান দুটি পয়েন্ট, হাটিকুমরুল গোলচত্বর এবং কড্ডার মোড়ে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে মহাসড়কে গণপরিবহনের কিছুটা সংকট থাকায় এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল ও কড্ডার মোড় এলাকায় ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষ বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী দূরপাল্লার বাসগুলোতে আসন খালি না থাকায় স্থানীয় কাউন্টার ও মোড়গুলোতে যাত্রীদের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। গণপরিবহনের কিছুটা সংকট থাকায় অনেকেই বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ভ্যান কিংবা মোটরসাইকেলে করেও রওনা দিচ্ছেন।

যাত্রীদের সবচেয়ে বড় ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায়। ঢাকামুখী বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে।

আশরাফুল ইসলাম নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, স্বাভাবিক সময়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার ভাড়া যেখানে ৪’শ টাকা, সেখানে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই টিকিট কাটতে হচ্ছে, কারণ অফিস ধরতে হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের এই অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার করেছেন বাস চালক ও হেলপাররা। তাদের দাবি, তারা কোনো বাড়তি ভাড়া নিচ্ছেন না।

কড্ডার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসের চালক জানান, ঢাকা থেকে আসার সময় গাড়ি পুরোপুরি খালি নিয়ে আসতে হয়েছে। ওয়ান-ওয়ে ট্রিপের কারণে তেলের খরচ তুলতেই সরকার নির্ধারিত ভাড়ার সমপরিমাণ রাখা হচ্ছে।

ভাড়া ও বাসের সংকট নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ থাকলেও, এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো মহাসড়কের আইন-শৃঙ্খলা ও যানজটহীন পরিস্থিতি। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন