মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
পেকুয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, খোলা আকাশের নিচে ৪ পরিবার
expand
পেকুয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, খোলা আকাশের নিচে ৪ পরিবার

কক্সবাজারের পেকুয়ায় আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে অন্তত চারটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ পর শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টি। ঝড়ের তীব্রতায় কয়েকটি বসতঘরের টিনের চাল উড়ে যায় এবং ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এতে অন্তত চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া এলাকার কবির আহমদের পুত্র আব্দু শুক্কর, হাসান, আসহাব মিয়ার পুত্র আজমগীর বাদশা, দলিল আহমদের পুত্র রহমত আলী।

ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন জানান, ঝড় শুরু হওয়ার পরপরই ঘরের চাল কাঁপতে থাকে। একপর্যায়ে প্রবল বাতাসে পুরো চাল উড়ে গিয়ে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মিনিটের ঝড়েই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঝড়ের সময় অনেক গাছপালা উপড়ে পড়ে এবং কয়েকটি এলাকায় চলাচলেও বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন টিটু বলেন, হঠাৎ হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেকের ঘরের চাল উড়ে গেছে এবং ঘরের ভেতরের মালামাল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো খুবই জরুরি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন