সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৪৩ পিএম
গাজীপুর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু
expand
গাজীপুর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ছুটি পুরোপুরি শুরু না হলেও ইতোমধ্যে মহাসড়ক, বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বিশেষ করে তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হওয়ায় শ্রমজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির পথে ছুটছেন।

সোমবার (২৫ মে) দুপুর থেকেই গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ী, টঙ্গী ও ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।

দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোথাও কোথাও ধীরগতির যানজট সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

বাস কাউন্টার ঘুরে দেখা যায়, অনেক যাত্রী নির্ধারিত সময়ের আগেই এসে অপেক্ষা করছেন। কেউ বাসের টিকিট না পেয়ে ট্রাকে করে যাচ্ছেন, আবার কেউ অতিরিক্ত ভাড়া দিয়েও বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন