বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:৫৪ এএম আপডেট : ১৮ মে ২০২৬, ১২:৪৬ পিএম
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
expand
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

মোটর শ্রমিক সংগঠনের ফেডারেশন প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।

জানা গেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বিলুপ্ত করে আপাতত একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি তোলেন।

শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সংস্থা থেকে আহ্বায়ক কিংবা এডহক কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা পুনরায় বাস চলাচল শুরু করবেন। নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাবেন। অথচ হঠাৎ করে গাড়ি বন্ধ হওয়ায় যেতে পারছেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন