

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর-গোপীনাথপুর সড়কটি পানির নিচে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধিভুক্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, এই সড়ক দিয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা, সাহেবনগর উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও কমলপুর, গোপীনাথপুর, নয়নপুর, হরিণখোলা, দেবীপুর, কালিকাপুর, ভবানীপুর, শিবনগর ও রামনগর গ্রামের হাজারো মানুষ চলাচলের জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।
বর্তমানে সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বিকল্প পথ হিসেবে স্থানীয় বাড়িঘরের ওপর দিয়ে চলাচল করছে, যেখানে অনেক সময় বাধার মুখেও পড়তে হচ্ছে।
স্থানীয় মাদ্রাসার শিক্ষক খোকন মিয়া বলেন, আমরা এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছি। দ্রুত পানির নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা সংস্কার করা হলে আমরা স্বস্তি পেতাম।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল নবী বলেন, তহবিল সংকটের কারণে আপাতত কাজটি করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।