শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে আলীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:৫২ পিএম
তালতলীতে এতিম কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
expand
তালতলীতে এতিম কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলায় এতিম কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় উপজেলার চরপাড়া বাজারে হরিণখোলা ও চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা বিচার দাবির স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল টাকার জোরে হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

তারা বলেন, মামলার ২ নম্বর আসামি বশির হত্যাকাণ্ডের আগেই দম্ভোক্তি করে বলেছিল, হাসপাতালের চাকরির প্রভাব ব্যবহার করে ময়নাতদন্তের রিপোর্টও নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এ বক্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, এতিম হওয়ায় হযরত আলীর পরিবারকে দুর্বল মনে করে একটি চক্র বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো টাকার প্রভাব বা ক্ষমতার দাপটে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে দেওয়া হবে না।

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের চাচা হাবিব মুসল্লি বলেন, আমার ভাতিজা এতিম ছিল। ওর বাবা-মা নেই বলেই কি ওর হত্যার বিচার হবে না? আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এসময় খুনিদের ফাঁসি চাই, এতিম হযরত আলীর হত্যার বিচার চাই, টাকার কাছে মানবো না হার, চাই সুষ্ঠু বিচারসহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চরপাড়া বাজার। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সকল আসামির গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন