

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি গাড়িকে কেন্দ্র করে ঢাকায় সংবাদ সম্মেলনে দেওয়া হীরা খাতুনের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে যশোর জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘রেড ওয়াইন’ রঙের সিএইচআর টয়োটা হাইব্রিড গাড়িটি কোনো ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয়নি। গত ২৭ মার্চ রাতে যশোর কোতোয়ালি থানার সামনে রিচম্যান শো-রুমের বিপরীতে দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জিডিমূলে বেওয়ারিশ হিসেবে গাড়িটি উদ্ধার করা হয়।
তিনি জানান, পরবর্তীতে হীরা খাতুন গাড়িটির মালিকানা দাবি করলে তাকে আদালতের মাধ্যমে বৈধ কাগজপত্র উপস্থাপন করে গাড়ি বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আইনি প্রক্রিয়ায় না গিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন পুলিশ কর্মকর্তারা।
এর আগে সোমবার ঢাকার ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হীরা খাতুন অভিযোগ করেন, তার স্বামী আলী হাসানকে স্বর্ণ পাচারকারী একটি চক্র ১৪ কোটি টাকার সোনা আত্মসাতের অভিযোগে মানসিকভাবে নির্যাতন করেছিল। তিনি আরও দাবি করেন, তার কলেজপড়ুয়া ছেলেকে অপহরণ করে গাড়িটি ছিনিয়ে নেওয়া হয় এবং পরে গাড়িটি যশোর কোতোয়ালি থানায় জমা দেওয়া হলেও পুলিশ তা ফেরত দিচ্ছে না।
তবে জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, আদালতের নির্দেশনার মাধ্যমে গাড়িটি বুঝে নেওয়ার সুযোগ থাকলেও হীরা খাতুন তা অনুসরণ করেননি। একই সঙ্গে পুলিশ জানায়, হীরা খাতুনের স্বামী আলী হাসানের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন এবং কোতোয়ালি থানার ওসি মাসুম খান।