রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পিএম
বিএনপির নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় কোতোয়ালি মডেল থানা ঘেরাও
expand
বিএনপির নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় কোতোয়ালি মডেল থানা ঘেরাও

কুমিল্লায় বিএনপির নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তাঁর মুক্তির দাবিতে নেতা-কর্মী ও সমর্থকেরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন।

একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে পরিবহনশ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

রোববার (৩ মে) দুপুরের দিকে নগরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।

তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ বলছে, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, শাসনগাছা বাস টার্মিনালকে ঘিরে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই শতাধিক নেতাকর্মী থানার সামনে জড়ো হন। তাঁদের সঙ্গে পরিবহনশ্রমিকদেরও দেখা যায়।

বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটক আটকে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, শাসনগাছা বাস টার্মিনালে শ্রমিকদের অবরোধের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। বেলা আড়াইটা পর্যন্ত থানার সামনে বিক্ষোভ অব্যাহত ছিল, ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন