শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১১ দলের সমাবেশ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের সমাবেশ
expand
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের সমাবেশ

যশোরে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে শহরের জিরো পয়েন্ট জজ কোর্ট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক গোলাম রসুল। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটের মধ্যে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ তাদের মতামত দিয়েছেন, যা একটি সুস্পষ্ট গণরায়। কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করছে। তিনি দাবি করেন, গণভোটে উত্থাপিত বিষয়গুলো ছিল জনগণের মৌলিক অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। এসব দাবির বিপরীতে সরকারের অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, সরকারের বক্তব্যে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে—সংসদের ভেতরে এক ধরনের অবস্থান, আর জনগণের সামনে আরেক ধরনের। দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মুক্তার আলী বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি এবং এ বিষয়ে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

যশোর এম এম কলেজের ভিপি আব্দুল কাদের বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেই রায়কে সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি তরুণদের গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, এনসিপির সমন্বয়কারী নুরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নুর-ই আলী নূর আল মামুন, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশিদুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী এবং শহর আমির মাওলানা ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবি জানান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন