শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মুক্তির ১৮ দফা বাস্তবায়নে শ্রমিক নেতৃত্বের আহ্বান মুক্তি কাউন্সিলের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৪৪ পিএম আপডেট : ০১ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ রায় ও জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সংগঠক এহতেশাম ইমন।

সমাবেশে ফয়জুল হাকিম বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নির্বাচিত সরকারের বয়স দুই মাস সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সরকার জুলাই গণঅভ্যুত্থানে জনগণের অভিপ্রায়কে অগ্রাহ্য করে গুম বিষয়ক অধ্যাদেশ, বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ ও মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ জাতীয় সংসদে বাতিল করেছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডান হাত ব্যাংক ডাকাত ব্যবসায়ী এস আলমের সম্পত্তি ফেরত দেয়ার পথ খুলে দিয়েছে। এসব ঘটনায় সরকারের চরিত্র জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম, বৈষম্যপূর্ণ ও অধীনতামূলক পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে কোন আলোচনা না হওয়ার ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে ।

তিনি বলেন, মহান মে দিবসকে সামনে রেখে আজকের দিনে শ্রমিক কৃষকের ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় মুক্তির ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনের দেশব্যাপী রাজনৈতিক অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণের শপথ নিতে হবে।

কাজী ইকবাল বলেন, বাংলাদেশকে আজ সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণ শাসন বৈষম্য ও নির্যাতনের কাঠামো থেকে বের করে আনতে হবে।আর এই বের করে আনার সংগ্রামে নেতৃত্ব দিতে হবে শ্রমিক শ্রেণীকে।

তিনি বলেন, ৫৫বছর ধরে এদেশের শাসক শ্রেণী লুণ্ঠন দুর্নীতি করে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।দেশের কর্মক্ষম জনগণের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না করে এরা উন্নয়নের বুলি আউড়িয়ে গেছে।

সৌরভ রায় বলেন,জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে গণআন্দোলন গণসংগ্রাম গড়ে তোলার শপথ নিতে হবে।লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসক শ্রেণীর নির্বাচনের কানাগলিতে নয়, শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের স্বার্থকে সামনে রেখে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলতে হবে।

এহতেশামুল হক ইমন জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে শ্রমিক শ্রেণীকে সংগঠন গড়ে তোলা ও সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মিতু সরকার অতি বৃষ্টির কারণে সুনামগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের বোরা ধান নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারকে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।দুর্গত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে হবে।তাদের বিনামূল্যে পশু খাদ্য সরবরাহ করতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারী সহায়তা পায় তা তদারকি করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। মিতু সরকার জনগণের ক্ষমতা আনার সংগ্রাম জোরদার করতে সংগঠন গড়ে তুলতে শ্রমিক শ্রেণীর প্রতি আহবান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন