

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি (এফএলএন) বা মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি এফএলএন বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তৃতীয় শ্রেণি শেষে প্রতিটি শিক্ষার্থীর পড়া, লেখা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন নিশ্চিত করাই এফএলএনের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার ভিত্তি আরও সুদৃঢ় হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যেমন পড়া, লেখা ও অনুধাবন ক্ষমতার পাশাপাশি সংখ্যাজ্ঞান ও দৈনন্দিন গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, এখনও অনেক শিশু প্রাথমিক স্তরে প্রয়োজনীয় শেখার দক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এফএলএনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে খেলাধুলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের শেখার পরিবেশ আরও কার্যকর করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
মন্তব্য করুন