বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে তালাকের চিঠি পেয়ে বিষপান, যুবক হাসপাতালে ভর্তি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীর পাঠানো তালাকের চিঠি পেয়ে বিদ্যুৎ হোসেন (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎ হোসেন ওই এলাকার শামসুল আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ঠাকুরগাঁওয়ের রুহিয়া মেলায় ঘুরতে গিয়ে সুমি আক্তারের সঙ্গে বিদ্যুতের পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

তবে সুখের সংসারে ধীরে ধীরে অশান্তি দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ হোসেন অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং জুয়ার টাকা জোগাড় করতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।

পরে সংসার চালানোর জন্য উভয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন। সেখানে প্রায় চার বছর কাজ করার সময়ও বিদ্যুৎ পুনরায় জুয়ায় জড়িয়ে পড়লে পারিবারিক অশান্তি বাড়তে থাকে। একপর্যায়ে ঈদের আগে সুমি আক্তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান।

পরবর্তীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে বিদ্যুৎ শ্বশুরবাড়িতে যান এবং কিছুদিন সেখানে অবস্থান করেন। কিন্তু সেখানেও পারিবারিক কলহের জেরে তিনি একাই নিজ বাড়িতে ফিরে আসেন।

বুধবার ডাকযোগে তালাকের চিঠি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বিদ্যুৎ হোসেন। পরে তিনি দানাদার বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বিষপান করা এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পাকস্থলী ওয়াশ করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন