

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরা সদর উপজেলার একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদরের আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের একটি সেলুনে জুয়েল নামের এক যুবক আগে থেকেই চুল কাটার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন।
পরে সোহাগ নামের আরেক যুবক এসে জরুরি কাজের কথা জানিয়ে আগে চুল কাটার অনুরোধ করেন।
তবে সেলুনের নাপিত জানান, আগে আসায় জুয়েলের সিরিয়ালই আগে থাকবে। এ সময় সোহাগ জুয়েলকে সিরিয়াল ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তিনি তাতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ছয়জন আহত হন।
আহতরা হলেন- লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা, জুয়েল মোল্লা ও আরাফাত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুন-উর-রশীদ জানান, দুপুরে পাঁচজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের মধ্যে লুৎফর নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন