শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের সরাসরি সহায়তায় ‘কৃষক কার্ড’: কৃষিমন্ত্রী 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
expand
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালুর ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

তিনি বলেছেন, কৃষকদের ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এখনো ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ ও সারের ভর্তুকির মতো পদক্ষেপ কৃষি খাতকে শক্ত ভিত্তি দিয়েছে।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে। কৃষকদের কল্যাণে কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার করা এবং ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। কৃষকদের স্বাবলম্বী করা গেলে দারিদ্র্যও কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে ১ হাজার ৪৫৮ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়। পাশাপাশি মন্ত্রী কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন