শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার দুই বিশাল কাতলা, বিক্রি প্রায় লক্ষাধিক টাকায়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম
পদ্মা নদীতে ধরা দুটি বিশাল আকৃতির কাতলা মাছ
expand
পদ্মা নদীতে ধরা দুটি বিশাল আকৃতির কাতলা মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে নিলামে বিক্রি হয়েছে পদ্মা নদীতে ধরা দুটি বিশাল আকৃতির কাতলা মাছ।

মোট ৪৬ কেজি ৫০০ গ্রাম ওজনের এই দুই মাছের দাম উঠেছে ৯১ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডল ও আনু খার আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়।

ক্রেতা হিসেবে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

আড়ত সূত্রে জানা যায়, ২৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বড় কাতলটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়ে মোট ৬২ হাজার ৭০০ টাকা হয়।

অপরদিকে ১৮ কেজি ওজনের আরেকটি কাতলা প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়ে ২৮ হাজার ৮০০ টাকা পাওয়া যায়। দুইটি মাছ মিলিয়ে মোট মূল্য দাঁড়ায় ৯১ হাজার ৫০০ টাকা।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন জেলে এরশাদ হলদার ও জীবন হলদার।

ভোরে জাল তোলার সময় তাদের জালে একটি করে বড় আকৃতির কাতলা মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া মাছ বাজারে এনে ওজন করে বিক্রির জন্য তোলা হয়।

বড় আকৃতির এই মাছ দেখতে সকাল থেকেই মাছ বাজারে ভিড় করেন স্থানীয় কৌতূহলী মানুষজন। নিলামকে ঘিরে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মাছের ক্রেতা সম্রাট শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামে মাছ দুটি কিনে তিনি দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রির জন্য অনলাইনে যোগাযোগ করছেন।

ইতোমধ্যে কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই মাছ বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পদ্মার মাছের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এর চাহিদা সবসময় বেশি থাকে। তাই এ ধরনের বড় মাছ দ্রুতই বাজারজাত করা সম্ভব হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন