

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এম.আর)-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন এই টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি গ্রহণ, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের ভূমিকা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাসে এম.আর ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন অপরিহার্য। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যভিত্তিক সকল শিশুকে টিকার আওতায় আনা যায়।
সভাপতির বক্তব্যে ডাঃ আলতাপ হোসেন বলেন, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সকলকে যথাযথ প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় এম.আর টিকাদান ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম, টার্গেট গ্রুপ নির্ধারণ, টিকাদান কেন্দ্র স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ টিকা সংরক্ষণ ও পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় দিকনির্দেশনাও তুলে ধরা হয়।
বক্তারা আরও জানান, সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতনতা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্বের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সীতাকুণ্ড, চট্টগ্রামের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের এম.আর টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
মন্তব্য করুন