

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলা, হুমকি ও লাঞ্ছনার ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রেক্ষিতে ১২ এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বরাবর স্মারকলিপি প্রদান করে ট্যাগ অফিসাররা কর্মবিরতি ঘোষণা করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনায়েত হোসেনের ওপর শাওন নামের এক ব্যক্তি হামলা চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম দ্রুত বিচারের আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়া ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে ট্যাগ অফিসার মোঃ রাজিবুল হাসানের ওপর ঘোলমাইল বাজার এলাকায় আতাউর রহমান, জিয়াউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা ও লাঞ্ছনা চালায়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ ১১ এপ্রিল উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে এসে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ট্যাগ অফিসারদের হুমকি ও মারমুখী আচরণ করে। এতে কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ অবস্থায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানান।
মন্তব্য করুন