রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
দিনাজপুর আইনজীবী সমিতি নির্বাচন

বিএনপি ৮, জামায়াতের ৪ পদে জয় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

‎দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে জামায়াতপন্থী আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু নির্বাচিত হয়েছেন।

‎নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপিপন্থী প্রার্থীরা ৮টি ও জামায়াতপন্থী সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ৪ পদে জয় পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জয়লাভ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

‎পরে মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. ইব্রাহীম।

‎ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. এমাম আলী ৩১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এ কে এম রেজাউল কবির চৌধুরী পেয়েছেন ১৭৮ ভোট।

‎সাধারণ সম্পাদক পদে জামায়াতপন্থী আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী ফোরামের মো. খয়রাত আলী ১৫৭ ভোট পেয়েছেন।

‎সভাপতি এমাম আলী ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়ী অন্য প্রার্থীরা হলেন-সহ-সভাপতি পদে মো. আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ পদে মো. নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না, পাঠাগার সম্পাদক পদে এস এম জি মোস্তাকীম, সদস্যপদে মো. জোবায়ের আল মাহমুদ ও মো. এনামুল হক।

‎সাধারণ সম্পাদক পদে জামায়াতপন্থী আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু ছাড়া জয়ী প্রার্থীরা হলেন, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মো. তোজাম্মেল হক বকুল, সদস্যপদে শারমিন আক্তার সাথী ও মো. ওবায়দুল্লাহ।

‎এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. তোজাম্মেল হক লিটন ও মো. সাদেকুর রহমান বিপ্লব জয়লাভ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন