বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হীরা (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা সুজাউদ্দিন (৫২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানা গেছে।

উদ্ধারকৃত হীরা যশোরের একটি স্বর্ণ ও হীরা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। হীরা ছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত মালামাল যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন