

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত এবং অফিসের সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয় নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন হৃদয় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি অফিসের হিসাব রক্ষক শয়ন বড়ুয়ার ব্যক্তিগত ফোন নম্বর দিতে বলেন। নম্বরটি দিতে কিছুটা বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাজ্জাদ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কার্যালয়ে থাকা একটি প্রিন্টার আছাড় দিয়ে ভেঙে ফেলেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, "সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তার সাথে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে জানানো হয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে উভয় পক্ষকে ডেকেছেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, এলজিইডি অফিসে একটি অপ্রীতিকর ঘটনার খবর তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, "আমি আমার এলাকার এক পরিচিত কর্মকর্তার নম্বর চাইলে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ আমার সাথে অপেশাদার আচরণ করেন। এ নিয়ে কেবল কথা-কাটাকাটি হয়েছে। প্রিন্টার ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"
মন্তব্য করুন