

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাটকা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নদীর ইলিশ সম্পদ রক্ষায় সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সপ্তাহব্যাপী কার্যক্রমের প্রথম দিন (৭ এপ্রিল) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন সাধারণ মানুষের সচেতনতায় প্রামান্যচিত্র প্রদর্শনী ও বিশেষ সভা অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন প্রচারণার পাশাপাশি আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার। পঞ্চম ও ষষ্ঠ দিন জেলে পল্লী ও সংশ্লিষ্ট এলাকায় সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা এবং সমাপনী (১৩ এপ্রিল) দিনে জাটকা রক্ষায় বিশেষ জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ করা অপরিহার্য। জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।" তিনি কর্মসূচি বাস্তবায়নে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।
মন্তব্য করুন