বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফল ব্যবসায়ীকে অপহরণ করে দিনভর নির্যাতন, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মো. এয়াছিন নামে এক ফল ব্যবসায়ীকে অপহরণ করে দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এয়াছিনকে ফোন করে ২০০ টাকা ধার চান স্থানীয় জিল্লুর রহমান। পরে তাঁকে টাকা দিতে পারাবত স্কুল-এর সামনে যেতে বলা হয়। সেখানে গেলে জিল্লুর রহমান, সোহাগসহ আরও ৪–৫ জন তাঁকে জোর করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে আটকে রাখেন। পরে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

এয়াছিন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, দিনভর তাঁকে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর পালানোর চেষ্টা করলে আবারও তাঁকে ধরে মারধর করা হয়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত জিল্লুর রহমান ও সোহাগকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহিম, মনির ও টুটুল নামের আরও তিনজন পালিয়ে যান।

এয়াছিন ফেনী সদরের অলুকিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম বাজারে ফল ব্যবসা করে আসছেন। উদ্ধার হওয়ার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কায়সার হোসেন বলেন, এক ফল ব্যবসায়ীকে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে তাঁকে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন