

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাফি মিয়া (১০) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাফি মিয়া শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিশুর মা আকলিমা বেগম বলেন, বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে হলেও তিনি সন্তান নিয়ে ভাড়া থাকতেন কসবা পৌর শহরের মরা পুকুর পাড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। ঈদের পরদিন সন্তানসহ শিমরাইল সাতপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বাহিরে খেলা করছিলো রাফি। পাশ্ববর্তী জনৈক জামাল মিয়ার নতুন নির্মানাধীন বাড়িতে বিদ্যুতের কাজ করছিলো বিদ্যুৎ অফিসের লোকজন। বাড়ির সামনে খোলা জায়গায় ফেলে রাখা নির্মাণাধীন ঘরের জন্য আনা রডের স্তুপের উপর খেলা করছিলো শিশু রাফি।
এসময় বিদ্যুৎ সংযোগ দিলে জামাল মিয়ার টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে মাটি ও রডের স্তুপসহ বিদ্যুতায়িত হয়। তখন রডের স্তুপের উপর খেলারত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় দশ বছরের শিশু রাফি। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যায় রাফি। এরপরেও রাফির মামারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস বলেন, বিষয়টি তিনি অবগত নন এবং কেউ অভিযোগও করেনি। এরপরেও তাদের লোকজন সেখানে কাজ করতে গিয়েছিল কিনা তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মন্তব্য করুন