

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান তেল সংকট পরিস্থিতি নিয়ে অনেকে মব সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যে একটি পেট্রোল পাম্প ভেঙে ফেলা হয়েছে। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে দায়িত্বশীলদের বলুন-এভাবে মব সৃষ্টি করবেন না। যারা মব সৃষ্টি করবে, তাদের আমরা কঠোর হস্তে দমন করব। তাই সবাই সাবধান থাকবেন। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেব না। বিষয়গুলো মনে রাখবেন, আইন-কানুন মেনে চলবেন।
এ সময় তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতারা যেন সোজা রাস্তায় চলেন। আমি রাডারে রেখেছি—যেটা সবখানে ঘুরছে। কে কী করছেন, সবকিছু দেখছি। তাই পরিষ্কার বলছি, এক বিন্দু পরিমাণ অন্যায় পেলে ক্ষমা করব না। নেতৃত্ব থেকেও যাবেন, আইনের আওতায়ও আসবেন।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কেউ অন্যায়ের সঙ্গে জড়িত হবেন না। সৎভাবে খাল কাটবেন, কেউ যেন অভিযোগ না করে যে মন্ত্রী উদ্বোধন করে দেওয়ার পর একটি খালও কাটা হয়নি। সেই সঙ্গে আপনাদের আরও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা যা বলি, তা কাজ করে দেখাই। কিছু সংখ্যক নেতা বেরিয়েছে, যারা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। ইবাদত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটি কথা মনে রাখবেন, ধর্ম বিক্রি করে কখনো বেহেশতে যাওয়া যায় না। ধর্ম মানুষের অন্তরে—এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। মানুষ ধার্মিক; তারা ধর্মকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। ধর্ম নিয়ে তারা ব্যবসা পছন্দ করে না।
আমরা যা কমিটমেন্ট করেছি, সব পূরণ করব, ইনশাআল্লাহ। ঈদেও আমাদের ছুটি নেই—এখনো কাজ করছি। আমরা কাজ করতে এসেছি, আমরা কাজ করব। মা-বোনদের কাছে আমার নিবেদন—অনেকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, বেহেশতের টিকিট মিলাতে চাইবে। ওই কথায় ভুলবেন না—ইবাদত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। কুরআনেও বলা আছে, সৎভাবে জীবনযাপন কর; রুজি যেন হয় হালাল।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট চৌধুরীপাড়া এলাকায় ৩ মাস মেয়াদি খাল খনন কার্যক্রমের আওতায় ১ কোটি ৪২.৭৯ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫.৮০০ কিলোমিটার নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ডা. মোহাম্মদ সরফরাজ বান্দা, ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন