রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ এএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ এএম
সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়
expand
সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়

কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ১২ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে নিচে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

বাসটিকে টেনে-ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। ধারণা করা হচ্ছে, রেল ক্রসিংয়ে কোনো পাহারাদার না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন