

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি নমোপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী বাবু লাল বিশ্বাস (৬০) অভিযোগে উল্লেখ করেন, তার তিন ছেলে প্রবাসে থাকেন। ছেলের বিয়েকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে এলাকার কিশোর গ্যাংখ্যাত আসামিরা এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
টাকা দিতে অস্বীকার করলে পরে ৩০ হাজার টাকা দাবি করে এবং ভয় দেখালে তার ছেলে বিশ্বনাথ বিশ্বাস ৩ হাজার টাকা দেয়।
অভিযোগে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি বিয়ের চলনে যাওয়ার সময় আসামিরা বাধা সৃষ্টি করে। এলাকাবাসীর সহায়তায় তারা সেদিন রক্ষা পান। পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ক্যারাম খেলার সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।
এতে ত্রিনাথ বিশ্বাসের মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। একইভাবে শম্ভুনাথ বিশ্বাসের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা অতিথিদের মারধর, ঘরের টিনের বেড়া ভাঙচুর এবং সংখ্যালঘু বলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ও চিকিৎসাজনিত কারণে অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে বাদী জানান।
মামলার আসামিরা হলেন আরমান (১৮), আবির বকাউল (১৮), জিলান (১৯), শুভ (১৮), নিহাদ (১৯), মোহন (২২), আলিফ (২২), নিরব ফকির (১৮), মিনহাজ ফকির (১৯), সোহান (১৯), রিয়াদ মোল্লা (১৮), সাইফ (১৮) সহ আরও কয়েকজন।
তবে বিবাদী পক্ষের লোকজন ভিন্ন দাবি করেছেন। তাদের ভাষ্য, মাহে রমজান উপলক্ষে তারাবি নামাজের সময় বিয়েবাড়িতে উচ্চ শব্দে ডিজে বক্সে গান বাজানো হচ্ছিল।
বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তি কথা বলতে গেলে সেখানে উপস্থিত কিছু যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
