শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরকে মাদক-সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী অমিত 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
যশোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল
expand
যশোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির পক্ষ থেকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের প্রতি কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় সাড়ে ১২ লাখ কৃষক উপকৃত হবেন এবং সরকারের ব্যয় হবে প্রায় দেড় হাজার কোটি টাকা।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাইলট প্রকল্প ঈদের আগেই শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা প্রদানও পবিত্র ঈদুল ফিতরের আগেই চালুর উদ্যোগ রয়েছে। পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

যশোরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমেই অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কাজ শুরুর প্রস্তুতি চলছে। সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

ইফতারের আগে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

ইফতার মাহফিলে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X