শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ এএম
বাস
expand
বাস

সিলেটে এক পরিবহন শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ–সিলেটসহ সব রুটে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা যায়, শুক্রবার সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহন-এর একটি বাসের স্টাফের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন-এর স্টাফদের কথা-কাটাকাটি হয়।

পরে বাসটি সিলেটে পৌঁছালে অভিযোগ ওঠে, হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের এক স্টাফকে মারধর করে গুরুতর আহত করেন। আহত শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন। এতে হবিগঞ্জ–সিলেট, হবিগঞ্জ–শ্রীমঙ্গল, হবিগঞ্জ–মাধবপুরসহ বিভিন্ন রুটে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বাস বন্ধ থাকায় সকাল থেকে টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেকেই বিকল্প হিসেবে সিএনজি ও ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেলে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিক ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসে। বৈঠকে ঘটনার প্রতিবাদ ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা অভিযোগ করেন, সিলেটের মালিক সমিতির কিছু প্রভাবশালী ব্যক্তি প্রায়ই টার্মিনাল এলাকায় প্রভাব বিস্তার করে হবিগঞ্জের গাড়ির চলাচলে বাধা সৃষ্টি করেন এবং শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৈঠকের পর সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে বাস চলাচল পুনরায় চালু করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত যেন সাধারণ মানুষকে দিতে না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X