সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
সাখাওয়াত হোসেন খান
expand
সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ করেছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেয়া হয়।

এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন। তবে, সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আজ সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাতখুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন।

বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি।

সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত সাখাওয়াতকে বিএনপি সরকার নাসিকে প্রশাসক হিসেবে নিয়োগ করে মূল্যায়ন করেছে বলে জানাচ্ছেন তার অনুসারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X