রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ব্যবসা দখল নিয়ে ছাত্রদলকে ধাওয়া দিলেন স্থানীয়রা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ঢাকার সাভারে ‘তিতাস’ নামে একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে এলাকাবাসীর ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

কারখানাটির প্রধান ফটক ও ভেতরের একটি অফিস কক্ষের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, দুপুরে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ৮–১০টি মোটরসাইকেল নিয়ে কারখানার সামনে আসেন।

পরে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাব্বিরসহ আরও ১০–১৫ জন নেতা কারখানার ভেতরে প্রবেশ করেন। এরপর তারা কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। এতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে গার্মেন্টস থেকে বের করে দেন।

এ অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো ঝুটের ব্যবসার জন্য পোশাক কারখানায় যাইনি। মূলত এক্সেসরিজ ব্যবসার জন্য কারখানায় গিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।

কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি দেওয়া বা চাঁদা চাওয়া হয়নি। তবে হঠাৎ করেই আমাদের লোকজনের ওপর এলাকাবাসী হামলা করে। পরে আমাদের নেতাকর্মীরা চলে আসে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত কারখানার ঝুট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X