রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় ইমামকে চাকরিচ্যুত করল বিএনপি নেতা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
মাওলানা জিল্লুর রহমান
expand
মাওলানা জিল্লুর রহমান

নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নোয়াখালী সুবর্নচর উপজেলার চরমহিউদ্দিন গ্রামের নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিল্লুর রহমান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেছেন। নির্বাচনের পরপরই স্থানীয় এক বিএনপি নেতা বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন।

স্থানীয়দের দাবি, ওই বিএনপি নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে কোনো আনুষ্ঠানিক সভা বা লিখিত সিদ্ধান্ত ছাড়াই ইমামকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতে ইমাম ও তাঁর পরিবারের জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়ে।

চাকরিচ্যুত ইমাম বলেন, ‘আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। রাজনৈতিক কারণে আমাকে চাকরি হারাতে হলো- এটা অত্যন্ত অন্যায় ও অমানবিক।’

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আলমগীর চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বললে আলমগীর চৌধুরী অস্বীকার করেছেন। তবে স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মীও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দলীয় নীতিবিরোধী বলে মন্তব্য করেছেন। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি মসজিদকে রাজনীতিমুক্ত রাখার আহ্বানও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X